খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করল শাহবাগ থানা ছাত্রদল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে শাহবাগ থানা ছাত্রদল।
শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকায় অবস্থিত মসজিদে এ আয়োজন হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দাম, উপস্থিত ছিলেন ২০ ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
শিববাড়ী মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন। মিলাদ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ছাত্রদল নেতা শাকিল হোসেন বলেন,
“গণতন্ত্রের মা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল করেছি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভাইয়ের সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্ভব হয়েছে।”
৮১ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন, বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার বাসভবনে চিকিৎসাধীন। রাজনৈতিকভাবে তিনি সরাসরি সক্রিয় না থাকলেও দলীয় নেতাকর্মীদের কাছে তার জনপ্রিয়তা ও প্রভাব এখনো অটুট।


