নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই: ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই: ড. মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন,

“না, আমি এমন কেউ নই। আমার এমন কোনো সুযোগ নেই। আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই না।”

প্রধান উপদেষ্টা হিসেবে এক বছর পূর্তিতে নিজের কর্মকালের মূল্যায়ন করতে গিয়ে ড. ইউনূস বলেন, দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। তার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল “ঐকমত্য কমিশন” গঠন, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, ঐকমত্য কমিশনের প্রতিবেদন এই আগস্টের শেষ নাগাদ প্রকাশিত হতে পারে। এই প্রতিবেদনের ভিত্তিতে নতুন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা গঠনের পথ উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত—এমনটিই জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন,

“অনেক বছর পর, প্রথমবারের মতো জনগণ একটি বাস্তব, অংশগ্রহণমূলক নির্বাচন পাবে। আগের তিনটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেননি। সেগুলো ছিল মিথ্যা নির্বাচন।”

তিনি আরও বলেন, এবার ভোটকেন্দ্রে যাবে মানুষ, জানবে তাদের ভোট কীভাবে ব্যবহার হচ্ছে। যারা গত এক দশকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য এটি হবে গণতন্ত্রে প্রত্যাবর্তনের সুযোগ।

দেশের সাংবিধানিক কাঠামো সম্পর্কেও মত দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংসদ এককক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে। রাজনৈতিকভাবে এসব প্রশ্নে ঐকমত্য অর্জন করাই এখন চ্যালেঞ্জ।