শুভ জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা
শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
শুক্রবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। বার্তাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।
তারেক রহমান বলেন, “ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার, যিনি অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই উপলক্ষ আমাদের মনে করিয়ে দেয় ঐক্য, সম্প্রীতি ও মানবতার মূল্যবোধ।”
তিনি আরও বলেন, “শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও বাণী যুগে যুগে নিপীড়িত, অসহায় ও ন্যায়বঞ্চিত মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণে মানুষকে উৎসাহিত করে।”
তারেক রহমান বাংলাদেশের ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরে বলেন, “বাংলাদেশের সামাজিক কাঠামো দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বহন করে আসছে। ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সৌহার্দ্য এই দেশের মানুষের সংস্কৃতির অংশ। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
জন্মাষ্টমীর এই শুভদিনে হিন্দু সম্প্রদায়ের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন তিনি।


