বাংলাদেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়: তারেক রহমান

রাজনীতি
বাংলাদেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়: তারেক রহমান
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশ যেন কোনো দিন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়—এই লক্ষ্যেই বিএনপির রাজনীতি।”

রোববার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে কবি-সাহিত্যিকদের জোরালো ভূমিকার কথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “স্বৈরশাসন থেকে দেশ মুক্ত হয়েছে, কিন্তু নতুন করে স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, তবে দেশের মালিকানা একমাত্র জনগণের হাতেই—এই সত্য প্রতিষ্ঠা করতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করলেই কেবল জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই চেতনাই আমাদের সামনে পথ দেখাবে।”

তিনি জানান, কবিতা ও গান যুগে যুগে রাজনীতিতে প্রেরণার উৎস হয়ে উঠেছে। “স্বাধীনতা-পরবর্তী সময়ে, ৯০-এর গণআন্দোলনে এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে কবি-সাহিত্যিকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাদের কণ্ঠেই অনেক সময় দেশের ভাবনা প্রকাশ পেয়েছে,”—বলেন তারেক।

বিদ্রোহী কবি নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্ব সাহিত্যের বহু কবির উদাহরণ টেনে তিনি বলেন, “তাঁদের মতোই বাংলাদেশের কবি-সাহিত্যিকরাও জাতির পরিচয়ে অবিচ্ছেদ্য হয়ে উঠেছেন।”

তিনি উল্লেখ করেন, “মুক্তিযুদ্ধের সময় যেমন দেশাত্মবোধক গান ছিল অনুপ্রেরণার উৎস, ঠিক তেমনই যুদ্ধোত্তর সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সময়ে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি জাতীয়তাবাদী আদর্শের প্রতীক হয়ে ওঠে।”

তারেক রহমান আরও বলেন, “একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদী হিসেবে তার জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশি পরিচয়কে ধারণ করাই উচিত।”