ডাকসু নির্বাচনে মনোনয়ন: দলের অনুমতি না নেওয়ায় মাহিন সরকারকে এনসিপি থেকে অব্যাহতি

রাজনীতি
ডাকসু নির্বাচনে মনোনয়ন: দলের অনুমতি না নেওয়ায় মাহিন সরকারকে এনসিপি থেকে অব্যাহতি
নিউজ ডেস্ক
১৯ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলীয় অনুমতি ছাড়াই নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মাহিন সরকার দলীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ না করে স্বতন্ত্র প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রার্থী হয়েছেন। এই পদক্ষেপকে দলের শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করে বলা হয়েছে, বিষয়টি দলীয় নিয়মের গুরুতর ব্যত্যয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সোমবার রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে এনসিপি জানায়, এটি বহিষ্কার নয়, বরং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বমুক্ত রাখা হয়েছে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, “সংগঠন একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামো। গুরুত্বপূর্ণ পদে থাকা কেউ যদি একক সিদ্ধান্তে এমন পদক্ষেপ নেন, তাহলে তা সংগঠনের মৌলিক নীতিমালার বিরুদ্ধেই যায়।”

এদিকে, মাহিন সরকার ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসু নির্বাচনে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মহলে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে মাহিন সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।