ইরান থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ আফগান নিহত, শিশুর সংখ্যা ১৭

ইরান থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ আফগান নিহত, শিশুর সংখ্যা ১৭
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী বলে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের দিকে হেরাত প্রদেশের একটি সড়কে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর কাবুলগামী একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে বাসের সব যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অন্যান্য যানবাহনের আরও দুই ব্যক্তি মারা গেছেন।

হেরাতের তালেবান নিয়ন্ত্রিত তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালক আহমাদুল্লাহ মোত্তাকি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাসটিতে থাকা কেউই জীবিত নেই। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানান, নিহতদের সবাই ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিক। তারা ইসলাম কালা সীমান্ত অঞ্চল থেকে বাসে উঠেছিলেন, উদ্দেশ্য ছিল কাবুল।

হেরাত পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আফগানিস্তানে বহু বছর ধরে চলমান যুদ্ধ ও অব্যবস্থাপনার কারণে সড়ক অবকাঠামো ভেঙে পড়েছে। একই সঙ্গে সেখানে ট্রাফিক নিয়ম-কানুনও খুব একটা কার্যকরভাবে মানা হয় না, যার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

উল্লেখ্য, ইরান সম্প্রতি অবৈধ আফগান অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৫ লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়ে ফিরেছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে, এমনকি বংশ পরম্পরায় ইরানে বসবাস করছিলেন।