বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু

জাতীয়
বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

রাজধানীর বাড্ডা এলাকায় ভোরের দিকে সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) প্রগতি সরণি সংলগ্ন লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত সাইদুর আকিজ গ্রুপের একটি কংক্রিট মিক্সার ট্রাক চালাতেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের ভাষ্য, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি শোরুমের (রেমন্ড টেইলার্স) ওপর উঠে যায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইদুরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাইদুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলা পাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে। তিনি রাজধানীর পূর্বাচলের পাতিরা এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

সাইদুরের সহকর্মী মো. ইমরুল কায়েস জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে যাই। প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ঢামেকে নেওয়া হলে ডাক্তার জানায় তিনি বেঁচে নেই।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।