হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

রাজনীতি
হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে বুধবার (২০ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পৌঁছেছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তবে তখনই জানা যায়, মির্জা ফখরুল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেছেন।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা উনাকে দেখতে এসেছিলাম, কিন্তু ডাক্তারদের কাছ থেকে জেনেছি উনি বাসায় ফিরে গেছেন। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশবাসীর দোয়া চাই। ইনশাআল্লাহ, বাসায় গিয়েও আমরা ওনাকে দেখে আসব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা তাহের বলেন, “দীর্ঘ ৩০ বছর আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। এখনো আমাদের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কেউ কেউ বিচ্ছিন্নভাবে কিছু বললেও, সেটি সংগঠনের অবস্থান নয়। সামনে নির্বাচন—সব দলের মধ্যে আলোচনার পরিবেশ থাকা জরুরি। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন উৎসবমুখর পরিবেশে হয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুলাই সনদ প্রসঙ্গে সৈয়দ তাহের জানান, জামায়াতের সর্বশেষ নির্বাহী বৈঠকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “সনদের কিছু বিষয়ে আমাদের পর্যবেক্ষণ রয়েছে। আমরা শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসব এবং পরে আনুষ্ঠানিক মতামত জানাব। জুলাই সনদ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা বিষয়টি দায়িত্বশীলভাবে বিবেচনা করছি।”

বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করলে বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক ডা. এন এ এম মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন। অবস্থার উন্নতি হলে বুধবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফেরেন।