আবারও মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে থমথমে পরিস্থিতি

জাতীয়
আবারও মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে থমথমে পরিস্থিতি
নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৫

রাজধানীর নিউমার্কেট এলাকার সায়েন্সল্যাব মোড়ে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে এখন পর্যন্ত ৩ থেকে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও অতীতের মতো এটি তুচ্ছ ঘটনা থেকে শুরু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, আহতদের মধ্যে সিটি কলেজের তিনজন ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এটাই প্রথম নয়—এর আগে এ বছরের ১৯ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ এই দুটি কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। এর মধ্যে ১৮ মার্চের ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী ও পথচারী আহত হয়েছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউমার্কেট ও ধানমন্ডি থানা পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। এলাকায় সতর্ক প্রহরা বাড়ানো হয়েছে এবং যান চলাচলে আংশিক বিঘ্ন ঘটেছে।