জাতীয় নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান

রাজনীতি
জাতীয় নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের প্রতি সমর্থন ও সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

বিএনপির উদ্যোগে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের শীর্ষ নেতারা।

তারেক রহমান বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড়। হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের প্রতি আহ্বান, আপনারা বিএনপির পাশে থাকুন, সক্রিয় সহযোগিতা দিন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।”

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় অস্তিত্ব দিয়েছে, আর জুলাই-আগস্টের গণআন্দোলন আমাদের গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছে। আজ এ দুই চেতনার ভিত্তিতেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমান শাসকগোষ্ঠী ইতিহাস বিকৃত করছে, মুক্তিযুদ্ধ ও জনগণের অধিকারকে ভুলিয়ে দিতে চায়। এমন পরিস্থিতিতে সব সম্প্রদায়ের নাগরিকদের সম্মিলিতভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, অধ্যাপক জাহিদ হোসেন, দলের হিন্দু নেতারা ও বিভিন্ন পূজা উদযাপন সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোটসহ নানা সংগঠনের নেতারাও।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গেও এ ধরনের সংলাপ চালিয়ে যাবে বিএনপি।