ভোলাগঞ্জ সাদাপাথরে শুধু লুটপাটই নয়, ঘটেছে হরিলুট: জনপ্রশাসন সচিব
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে শুধু লুটপাটই নয়, ঘটেছে হরিলুট — এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। শুক্রবার সকালে সাদাপাথর এলাকা সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “এই লুটপাটে যারা জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
সচিব জানান, সরকারের পক্ষ থেকে সাদাপাথরসহ দেশের সব গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে বিশেষ কর্মসূচি নেওয়া হবে এবং এসব এলাকায় সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
ভোলাগঞ্জ এলাকায় শত কোটি টাকার পাথর লুটের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর সরকার নড়েচড়ে বসে। গত ২০ আগস্ট ঘটনা প্রকাশ্যে আসার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার মাঠপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু করেছে কমিটি। জনপ্রশাসন সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে ছিলেন খনিজসম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা। তারা স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সরকারি আদেশে বলা হয়েছে, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা ও আশপাশের রেলওয়ে বাংকার অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। এতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নষ্ট হয়নি, পরিবেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


