ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ঢাকায় এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে আঞ্চলিক শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ইসহাক দার।
সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, শিক্ষা ও আঞ্চলিক সংহতির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের কূটনৈতিক সংলাপকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের দিকেই একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


