সারোয়ার তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো এনসিপি

রাজনীতি
সারোয়ার তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো এনসিপি
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর তিনি আবারও পার্টির সকল দায়িত্বে পুনর্বহাল হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্থলনের অভিযোগে গত ১৭ জুন সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ফোনালাপের ভিত্তিতে দলের শৃঙ্খলা রক্ষায় তাঁকে সাময়িকভাবে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সারোয়ার তুষার তার লিখিত জবাবে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি নারী সংবেদনশীলতা ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে দল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়।

তিনি পার্টির নির্দেশনা অনুযায়ী জুলাইয়ের পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম, মিডিয়ায় উপস্থিতি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন।

সবশেষে দলীয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে এনসিপি সিদ্ধান্ত নেয়, সারোয়ার তুষারকে আবারও দলে সম্পৃক্ত করা হবে এবং পূর্বের কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হবে।

সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজ দলের এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন। এ নিয়ে দলের ভেতরে সমালোচনার ঝড় ওঠে এবং পার্টি তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থাও নেয়।