বেতন না পেয়ে রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা, বনানীতে তীব্র যানজট
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে বিক্ষোভে ফেটে পড়েছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তারা চেয়ারম্যান বাড়ি মোড়ে অবস্থান নেন, ফলে ওই রুটে আউটগোয়িং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, মাসের পর মাস বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বহুবার অনুরোধ করেও কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি, যার ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।
ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বনানী থানার ওসি মেহেদী হাসান বলেন, “শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা বিকল্প রুটে যানবাহন চালানোর নির্দেশ দিয়েছি।”
এদিকে গুলশান ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরা থেকে মহাখালীগামী যানবাহন বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে আটকে যাচ্ছে। যানজট নিয়ন্ত্রণে আমতলী-গুলশান ১-গুলশান ২ হয়ে নতুন বাজার বা বনানী ২৭ নম্বর রোড ব্যবহার করতে বলা হয়েছে।
শ্রমিকদের দাবি আদায়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। তবে এমন সড়ক অবরোধে রাজধানীবাসীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।


