হাইকোর্টে ২৫ নতুন অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতির শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মো. মোয়াজ্জেম হোসেন।
সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ ২৫ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের আওতায়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ প্রদান করেন। নিয়োগ কার্যকর হয়েছে শপথগ্রহণের তারিখ থেকে এবং তা অনধিক দুই বছরের জন্য বলবৎ থাকবে।
নবনিযুক্তদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন।
তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের (সিনিয়র জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজিজ আহমেদ ভুঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস, এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. এফ. এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ।


