প্লেনের টিকিটে দাম লেখা বাধ্যতামূলক, মানছে না ট্রাভেল এজেন্সিগুলো

জাতীয়
প্লেনের টিকিটে দাম লেখা বাধ্যতামূলক, মানছে না ট্রাভেল এজেন্সিগুলো
নিউজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৫

সরকার একাধিক নির্দেশনা জারি করলেও এখনো প্লেনের টিকিটের গায়ে মূল্য, ট্রাভেল এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর স্পষ্টভাবে উল্লেখ করছে না অধিকাংশ ট্রাভেল এজেন্সি। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকরা, যাদের একমাত্র ভরসা এসব এজেন্সি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ফেব্রুয়ারিতে এবং সর্বশেষ ২১ আগস্ট নতুন করে একটি পরিপত্রে টিকিটে মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর বাধ্যতামূলকভাবে লেখার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত দাম রাখা হলেও টিকিটে কিছুই লেখা না থাকায় প্রতারণার শিকার হচ্ছেন তারা।

সৌদিগামী দিনমজুর আকরাম হোসেন ৪ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করলেও জানেন না টিকিটের দাম কত বা এজেন্সির নাম কী। একই অভিযোগ করেন কাতারগামী আসাদ হোসেন, যার টিকিটে কোনো মূল্য বা এজেন্সির পরিচয় ছিল না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “যারা ইচ্ছাকৃতভাবে টিকিট সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য নিচ্ছে, তারা কেউই ছাড় পাবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের পুরোনো কমিটি বাতিল করে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, “ট্রাভেল ব্যবসার অনিয়ম দূর করে স্বচ্ছতা ফেরানোই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

সরকার ইতিমধ্যে ১০টি নির্দেশনা, টাস্কফোর্স গঠন, লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, টিকিট ট্যাক্স ফেরতের উদ্যোগ ও ‘ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম’ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে বাস্তবে ট্রাভেল এজেন্সিগুলোর অনেকেই নির্দেশনা মানছে না। ফলে সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নে আরও সক্রিয় মনিটরিং ও দ্রুত আইন প্রয়োগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।