ডিসেম্বরের আগেই অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে ‘নতুন ছক’
গত বছরের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনতার টানা আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর ৮ আগস্ট শান্তিপূর্ণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে সেই থেকে দেশে-বিদেশে একাধিক মহলের পক্ষ থেকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে।
সাম্প্রতিক একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভারতে গোপনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। আলোচিত ওই বৈঠকে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনার অভিযোগ উঠেছে, যার উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে পদত্যাগে বাধ্য করা।
সূত্রটি আরও দাবি করে, অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত এই ব্যবসায়ী শেখ হাসিনাকে বিপুল অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছেন। বলা হচ্ছে, প্রায় ২৫০০ কোটি টাকা ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং আরও অর্থ সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। এই সহায়তা মূলত দেশকে অস্থিতিশীল করে একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।
এছাড়া, উমরাহ পালনের নামে সাইফুল আলম মাসুদের সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়েও প্রশ্ন উঠেছে। ওই সময় তিনি মক্কার একটি অভিজাত হোটেলে অবস্থান করেন এবং সেখানে পলাতক আওয়ামী লীগপন্থী কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বলে দাবি করছে একটি সূত্র। সেখানে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ।
পরবর্তীতে তিনি মদিনা এবং পরে দুবাই যান, যেখানে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন এবং আরও কিছু আর্থিক ও রাজনৈতিক আলোচনায় অংশ নেন বলে জানায় সূত্রটি।
এই বিষয়ে এস আলম গ্রুপ বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


