তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শেখ হাসিনাকে ঘিরে অ্যাটর্নি জেনারেলের কটাক্ষ: ভূতের মুখে রাম নাম
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, একসময় যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, আজ তারাই আবার সেই ব্যবস্থার পক্ষে কথা বলছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অবস্থানের ইঙ্গিত করে তিনি বলেন, “এ যেন ভূতের মুখে রাম নাম”।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অনুমতি দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান তিনি।
তিনি বলেন, “তৎকালীন সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল এই যুক্তিতে যে, অনির্বাচিত কেউ রাষ্ট্রক্ষমতায় থাকতে পারে না। অথচ এখন তারাই আবার বলছেন, তত্ত্বাবধায়ক সরকার দরকার। আমরা তো সেই ব্যবস্থার পক্ষেই ছিলাম সবসময়।”
তার দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে দেশের নির্বাচন ব্যবস্থা আরও বিশ্বাসযোগ্য হবে এবং রাজনৈতিক সহিংসতা কমবে। তিনি আরও বলেন, “এই ব্যবস্থার ফলে আর কাউকে প্রিয়জন হারাতে হবে না, রক্ত দিয়ে আর গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।”
আওয়ামী লীগ সরকারের অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, “একসময় যারা বলতেন, অনির্বাচিত সরকার কখনোই গ্রহণযোগ্য নয়— আজ তারাই অনির্বাচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি তুলছেন। একথা শুনে এখন হাসি পায়।”


