ডিআরইউতে ‘গোপন বৈঠকের’ অভিযোগে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশের হেফাজতে

জাতীয়
ডিআরইউতে ‘গোপন বৈঠকের’ অভিযোগে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশের হেফাজতে
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ চলছে—এমন অভিযোগ তুলে উত্তেজিত জনতা সেখানে হঠাৎ অবস্থান নেয়। একপর্যায়ে তারা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বৈঠকে উপস্থিত কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে।

জানা গেছে, ‘৭১ মঞ্চ’ নামের একটি সংগঠনের আয়োজনে ডিআরইউ মিলনায়তনে একটি গোলটেবিল বৈঠক চলছিল। বৈঠকে লতিফ সিদ্দিকীর পাশাপাশি আরও কয়েকজন সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে অংশ নেন। কিন্তু বৈঠকের খবর ছড়িয়ে পড়লে বাইরে অপেক্ষমাণ জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনতার অভিযোগ—এটি ছিল আওয়ামী লীগের একটি ‘গোপন রাজনৈতিক সমাবেশ’। এই অভিযোগের ভিত্তিতে তারা বৈঠকে অংশ নেওয়াদের ঘেরাও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সাবেক মন্ত্রীসহ উপস্থিত ব্যক্তিদের তিনটি পৃথক গাড়িতে করে থানায় নিয়ে যায়।

ঘটনার সময় ডিআরইউ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিআরইউ কর্তৃপক্ষ বলছে, তারা বরাবরই সবধরনের মতবিনিময় ও আলোচনার পক্ষে থাকলেও অনুমতি ছাড়া রাজনৈতিক বৈঠক আয়োজনের কোনো সুযোগ নেই।

এদিকে, ঘটনার নেপথ্যে উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনার অভিযোগও উঠেছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।