চীন থেকে ফিরলেন সেনাপ্রধান, সামরিক সহযোগিতা ও শিল্প উন্নয়ন নিয়ে আলোচনার ফসল কি?

জাতীয়
চীন থেকে ফিরলেন সেনাপ্রধান, সামরিক সহযোগিতা ও শিল্প উন্নয়ন নিয়ে আলোচনার ফসল কি?
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আট দিনের এই সফরে তিনি চীনা সামরিক ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন, যেখানে উঠে আসে সামরিক প্রশিক্ষণ, সরঞ্জাম উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

সফরের শুরুতে, ২২ আগস্ট চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সদর দপ্তরে পৌঁছালে তাকে সামরিক রীতিতে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

উল্লেখযোগ্যভাবে, বৈঠকে শুধু সামরিক কৌশল নয়, বাংলাদেশের মাটিতে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে। চীনের ভূরাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই সংকটে সমাধান খোঁজার উদ্যোগ হিসেবে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২৩ আগস্ট, চীনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের আধুনিকীকরণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সহযোগিতা বিষয়ক সিদ্ধান্ত হয়।

সফরকালে তিনি চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এবং অস্ত্র তৈরির কারখানা, বিশেষ করে চায়না অ্যারোস্পেস লং-মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আইসাং ইউএভি ফ্যাক্টরি পরিদর্শন করেন। এটি ভবিষ্যতে বাংলাদেশে ড্রোন প্রযুক্তির বিস্তারে সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

জেনারেল জামান পিএলএর অ্যাকাডেমি অব আর্মার্ড ফোর্স, বেইজিং ক্যাম্পাস সফর করেন, যেখানে বাংলাদেশি সেনা কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। সফরের সময় প্রশিক্ষণ কার্যক্রম আরও বর্ধিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারত-চীন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ-চীন সম্পর্কের এই ঘনিষ্ঠতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই সফর বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্য রক্ষায় একটি বড় বার্তা দিচ্ছে।