ভাইরাল ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি নুর নন: নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার

জাতীয়
ভাইরাল ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি নুর নন: নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার
নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, লাল/খয়েরি শার্ট পরা এক ব্যক্তি সিঁড়িতে বসে থাকা একজনকে বেধড়ক মারধর করছেন। অনেকেই দাবি করেন, মারধরের শিকার ওই ব্যক্তি নুরুল হক নুর।

তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি নুর নন।

শনিবার (৩০ আগস্ট) এক পোস্টে রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটির বিভিন্ন অংশ ও ঘটনার সময়কাল বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, মারধরের শিকার ব্যক্তি ও নুরুল হক নুর এক ব্যক্তি নন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পোস্টে উল্লেখ করা হয়, সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে আহত হয়ে নুর রাস্তায় পড়ে যান এবং পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই সময়ের কোনো ভিডিও বা ফুটেজে তাকে সিঁড়িতে বসে থাকতে দেখা যায়নি।

রিউমর স্ক্যানারের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে যিনি লাল/খয়েরি শার্ট পরা অবস্থায় একজনকে মারধর করছেন, তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করেন। তাকে পুলিশের হেলমেট পরা অবস্থাতেও অন্য একটি ভিডিওতে দেখা গেছে। যদিও তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।

রিউমর স্ক্যানারসহ বিভিন্ন বিশ্লেষকের মতে, ভাইরাল ভিডিও বা ছবি যাচাই না করে সামাজিক মাধ্যমে শেয়ার করা বা মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি বিভ্রান্তি ছড়াতে পারে এবং ভুল তথ্যের ভিত্তিতে জনমত প্রভাবিত হতে পারে।