নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, কাকরাইল সংঘর্ষে তদন্তের আশ্বাস

জাতীয়
নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, কাকরাইল সংঘর্ষে তদন্তের আশ্বাস
নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজ নিয়েছেন দলের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পুরো ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ জানান, এর আগে শুক্রবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকা মেডিকেলে নুরুল হককে দেখতে যান।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। সভাপতি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গণঅধিকার পরিষদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে জাপার কর্মীরা ‘উসকানিমূলক’ হামলা চালায়। অন্যদিকে, জাপা বলেছে, গণঅধিকার পরিষদের মিছিল থেকেই তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং মশাল মিছিল ও ইটপাটকেল ছুড়ে সহিংসতা বাড়ায়। জননিরাপত্তা নিশ্চিত করতে বলপ্রয়োগ করতে বাধ্য হয় বাহিনী। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।

ড. মুহাম্মদ ইউনূসের আশ্বাসের পাশাপাশি নুরুল হক নুর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ মিছিলেও যদি হামলা হয়, তবে কারো নিরাপত্তা থাকবে না।”