নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সময়মতো জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবা হলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন— নির্বাচন নিয়ে কেউ যদি বিকল্প চিন্তা করে, তা হবে জাতির জন্য একটি বড় ধরনের বিপদ। আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি।”
প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের মূল দায়িত্বই হলো একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। তিনি বারবার উল্লেখ করেছেন, আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত ও উদ্বেগ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার, যারা জুলাই সনদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
প্রেস সচিব বলেন, বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং রাজনৈতিক নেতারা নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে তুলে ধরেছেন।


