মুম্বাইয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নতুন করে সন্ত্রাসী হামলার হুমকিতে কাঁপছে। বৃহস্পতিবার রাতে ট্রাফিক পুলিশের হেল্পলাইনে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, শহরজুড়ে ছড়িয়ে আছে বিস্ফোরকভর্তি গাড়ি ও আত্মঘাতী হামলাকারী। হুমকির পরিপ্রেক্ষিতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে পাঠানো বার্তায় বলা হয়—মুম্বাইয়ে প্রবেশ করেছে ১৪ জন সশস্ত্র জঙ্গি এবং শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে ৩৪টি গাড়িতে ৪০০ কেজি আরডিএক্স। বার্তায় দাবি করা হয়, এই বিস্ফোরকে প্রাণ হারাতে পারে এক কোটিরও বেশি মানুষ।
হুমকির পরই তৎপর হয় মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র রাজ্য গোয়েন্দা সংস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি, বিশেষ টহলে নামানো হয়েছে বিস্ফোরক শনাক্তকারী দল ও কুকুর স্কোয়াড।
বিশেষ করে গণেশ উৎসবকে ঘিরে জমায়েত স্থলগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ঘটনার তদন্তে মাঠে নেমেছে এন্টি-টেররিজম স্কোয়াড (ATS) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। হোয়াটসঅ্যাপ বার্তাটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা শনাক্তে কাজ করছে সাইবার ক্রাইম ইউনিট।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান,
“আমরা হুমকিকে হালকাভাবে নিচ্ছি না। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর বোমা বা জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”
মুম্বাই পুলিশ শহরবাসীকে গুজবে কান না দিতে এবং সন্দেহজনক কিছু দেখলে পুলিশের হেল্পলাইনে জানানোর আহ্বান জানিয়েছে।
২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার স্মৃতি এখনো অনেকের কাছে দুঃস্বপ্ন। সেই হামলায় ১৬০ জনের বেশি প্রাণ হারান। তাই কোনো ধরনের হুমকির খবর মুম্বাইবাসীর মনে উদ্বেগ ছড়িয়ে দেয়াই স্বাভাবিক।


