নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে: তারেক রহমান

রাজনীতি
নির্বাচনকে সহজভাবে নিলে ভুল হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এই নির্বাচনকে সহজভাবে নিলে তা হবে রাজনৈতিক ভুল। আমরা যতটা সহজ ভাবছি, বাস্তবতা ততটা সহজ নয়।”

সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৩৫ মিনিট বক্তব্য দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, “আজকের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণকে পাশে রাখা। যদি আমরা নিজেদের মধ্যে কথা বলি, আর জনগণকে বাইরে রাখি, তাহলে অরাজকতা তৈরি হবে—যা দেশ ও জাতির জন্য কোনোভাবেই কাম্য নয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি মনে করিয়ে দেন, বিএনপি দুই বছর আগেই ৩১ দফা রূপরেখার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পথরেখা হিসেবে কাজ করতে পারে।

তারেক রহমান দলের অতীত আন্দোলনের কথা তুলে ধরে বলেন, “আমাদের নেতাকর্মীরা বছরের পর বছর রাজপথে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে। নানা বাধা মোকাবিলা করেও গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের অবদান অনস্বীকার্য।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। সাধারণ সম্পাদক পদে জয়ী হন যুগ্ম সম্পাদক পয়গাম আলী।

জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলরের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের পর এবারই প্রথম ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হলো।

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আসাদুল হাবিব দুলু।

উল্লেখযোগ্য যে, ২০০৫ সালে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় সরাসরি উপস্থিত ছিলেন তারেক রহমান। এরপর একাধিকবার ভার্চুয়াল মাধ্যমে তিনি দলীয় কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন।