মণিপুর সফরের দিনে ‘ব্ল্যাক ডে’ পালন করবে কুকি শিক্ষার্থী সংগঠন, মোদির আগমন ঘিরে উত্তেজনা

মণিপুর সফরের দিনে ‘ব্ল্যাক ডে’ পালন করবে কুকি শিক্ষার্থী সংগঠন, মোদির আগমন ঘিরে উত্তেজনা
নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের দিনেই রাজ্যের পাহাড়ি অঞ্চলে টানটান উত্তেজনা। সফরের প্রতিবাদে ‘ব্ল্যাক ডে’ (কালো দিবস) পালনের ঘোষণা দিয়েছে কুকি শিক্ষার্থী সংগঠন সদর হিলস (KSOSH)।

সংগঠনটি শনিবার (১৩ সেপ্টেম্বর) কানগপোকপি জেলায় সব স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে—এই নির্দেশ অমান্য করলে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়া হবে।

২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সংঘর্ষে মেইতেই ও নাগা গোষ্ঠীর সঙ্গে কুকিদের রক্তক্ষয়ী দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন হাজারো পরিবার। বহু ঘরবাড়ি, গির্জা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সেই দুঃসহ স্মৃতি মাথায় রেখে কুকি সম্প্রদায় প্রতিবছর ১৩ সেপ্টেম্বর ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করে আসছে।
KSOSH এক বিবৃতিতে জানিয়েছে,

“এই দিনটি শুধুই শোক পালনের নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। যাঁরা এই দিনটিকে শ্রদ্ধা করবে না, তাদের দায় তাদেরই।”

তারা জানিয়েছে, এই দিনে জনগণ প্রার্থনা, স্মরণসভা ও শোকানুষ্ঠানে অংশ নেবে।

নরেন্দ্র মোদির সফর ঘিরে কুকি সম্প্রদায়ের মধ্যেও দেখা দিয়েছে দুইমুখী প্রতিক্রিয়া।

ইম্ফল হমার ডিসপ্লেসড পিপলস কমিটি বলেছে,

“আমরা এখনো শোকের মধ্যে আছি। চোখের জল শুকায়নি। এই অবস্থায় উৎসব বা রাষ্ট্রীয় আনন্দ মেনে নেওয়া কঠিন।”

অন্যদিকে, কুকি-জো কাউন্সিল মোদির সফরকে ‘ঐতিহাসিক সুযোগ’ আখ্যা দিয়ে বলেছে,

“আমরা চাই ন্যায়বিচার, স্বীকৃতি এবং স্থায়ী রাজনৈতিক সমাধান। সংবিধানের ২৩৯এ অনুচ্ছেদের অধীনে পৃথক প্রশাসনের দাবি এখন আরও প্রাসঙ্গিক।”