৭ বছর একা বসবাস, ভাড়া বাসায় মিললো নারীর অর্ধগলিত মরদেহ

দেশজুড়ে
৭ বছর একা বসবাস, ভাড়া বাসায় মিললো নারীর অর্ধগলিত মরদেহ
নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ার একটি ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান আরা চমন দীর্ঘ সাত বছর ধরে একা ওই বাসায় বসবাস করছিলেন। তার কোনো সন্তান নেই এবং স্বামীও আগেই মারা গেছেন। শেষবার তাকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জীবিত দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর কেউ দেখেনি বা খোঁজও মেলেনি।

সোমবার দুপুরে প্রতিবেশীরা তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহতের ছোট বোন খুশি আক্তার জানান,

“বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বোনের সঙ্গে দেখা ও কথা হয়েছিল। তিনি বাজারে যাওয়ার কথা বলেছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি।”

তিনি আরও বলেন, তার বোন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন এবং একবার স্ট্রোক করেছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান,

“মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।”

প্রতিবেশীরা জানান, গুলশান আরা খুব নির্জন জীবনযাপন করতেন। কারো সঙ্গে তেমন মিশতেন না। মাঝে মাঝে ছোট বোন খুশি এসে দেখা করতেন। কেউ ভাবতেই পারেনি এমন ঘটনা ঘটবে।