গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

দেশজুড়ে
গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর মহানগরের কাশিমপুরে মাটির ঘরের দেয়াল ধসে পড়ায় তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মঙ্গলবার সকালে তার মরদেহ ধসে পড়া দেয়ালের নিচে চাপা অবস্থায় দেখতে পান।

নিহত তমিজ উদ্দিন গোবিন্দবাড়ী এলাকার বাসিন্দা এবং মৃত নরবেশ আলী দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন জরাজীর্ণ মাটির ঘরটিতে। স্ত্রী ও দুই সন্তান থাকলেও তারা থাকেন অন্যত্র। প্রতিবেশীদের ধারণা, টানা বর্ষণে ঘরের দেয়াল দুর্বল হয়ে পড়েছিল এবং রোববার দিবাগত রাতে কোনো এক সময় দেয়াল ধসে তার মৃত্যু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার সকালে এক প্রতিবেশী পথচারী বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের একপাশ ধসে পড়া দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে তিনি তমিজ উদ্দিনের নিথর দেহ মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেয়াল ধসে চাপা পড়েই তার মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা গেছে। তারা জানান, এলাকায় বহু পুরনো মাটির ঘর রয়েছে, যেগুলোর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসনের উচিত ছিল আগেই এসব ঘর চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া।