সালিশ থেকে বিরত থাকতে বিএনপি নেতার নির্দেশ

রাজনীতি
সালিশ থেকে বিরত থাকতে বিএনপি নেতার নির্দেশ
নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী জেলা বিএনপি তাদের নেতাকর্মীদের সংগঠনের গঠনতান্ত্রিক শৃঙ্খলা মেনে চলার বিষয়ে কড়া বার্তা দিয়েছে। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের স্থানীয় সালিশ বা পক্ষপাতমূলক বিরোধ নিষ্পত্তির কার্যক্রম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, “বিএনপি একটি আদর্শিক ও গণতান্ত্রিক সংগ্রামের সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তাই ব্যক্তিগত প্রভাব খাটানো, সালিশে পক্ষ নেওয়া বা দাঙ্গা-ফ্যাসাদের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের নেতাকর্মীদের সব সময় ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। “জনগণের সঙ্গে সুসম্পর্কই হচ্ছে রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় শক্তি। তাই যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের আচরণ হতে হবে গণমুখী ও দায়িত্ববান।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জেলা বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং সাংগঠনিক বিধিমালার আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা ও স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সালিশ ও প্রভাব খাটানোর অভিযোগ উঠে আসায় কেন্দ্র থেকে কঠোর বার্তা দেওয়া হয়। এরপরই জেলা পর্যায়ে এ ধরনের নির্দেশনা জারি করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবেই মাঠপর্যায়ে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে দলটি।