আজ বিশ্ব বাঁশ দিবস

অন্যান্য
আজ বিশ্ব বাঁশ দিবস
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

আজ ১৮ সেপ্টেম্বর—বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। অনেকে হয়তো শুনেই হেসে ফেলবেন, তবে পরিবেশ, অর্থনীতি এবং সংস্কৃতিতে বাঁশের গুরুত্ব বিবেচনায় দিনটি নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাঁশ নিয়ে আমাদের দেশে প্রচলিত কিছু ব্যঙ্গ-বিদ্রূপ থাকলেও, বাস্তবতা হলো—এই বহুমুখী উদ্ভিদ বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সম্ভাবনা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত। আর তাই, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব বাঁশ দিবস (World Bamboo Day)।

বিশ্বব্যাপী বাঁশের চাষ ও ব্যবহারকে উৎসাহিত করতে ২০০৫ সালে গঠিত হয় World Bamboo Organization (WBO)। ২০০৯ সালের এই দিনে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে প্রথমবারের মতো দিনটি বিশ্ব বাঁশ দিবস হিসেবে স্বীকৃতি পায়।
প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সংগঠনের তৎকালীন সভাপতি কামেশ সালাম, যেখানে অংশ নিয়েছিলেন ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাঁশকে সাধারণত গাছ হিসেবে ভাবা হলেও এটি মূলত ঘাস পরিবারের বৃহত্তম সদস্য। এটি একটি চিরহরিৎ (evergreen) উদ্ভিদ, যার ১৫০টিরও বেশি প্রজাতি রয়েছে পৃথিবীজুড়ে। বাঁশ সাধারণত দলবদ্ধভাবে জন্মায়—যাকে আমরা বলি বাঁশঝাড়।

বাঁশ দিয়ে তৈরি হয় গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, দালান-কাঠামো, বাদ্যযন্ত্র, এমনকি কাগজও। দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ায় কচি বাঁশের চারা খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয়।
বাংলাদেশে বাঁশের তৈরি ঢাকনা, চালুনি, টুকরি, মাদুর, চেয়ার, টেবিল, খুঁটি, এমনকি ঘর তৈরির উপকরণ হিসেবে ব্যবহার শত শত বছর ধরেই প্রচলিত।

বাঁশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদগুলোর একটি। অনেক প্রজাতি দিনে এক মিটার পর্যন্ত বাড়তে পারে। এটি কার্বন শোষণে অত্যন্ত কার্যকর, মাটি ক্ষয় রোধ করে এবং বন উজাড় রোধেও ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, বাঁশের আরও বেশি ব্যবহার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই বিকল্প হতে পারে।

বিশ্ব বাঁশ দিবসের মূল লক্ষ্য:

বাঁশের বহুমুখী ব্যবহারে মানুষকে সচেতন করা, পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাঁশের প্রসার, বাঁশ-ভিত্তিক শিল্পে উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া, গ্রামীণ অর্থনীতিতে বাঁশের ভূমিকা তুলে ধরা, ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে বাঁশ শিল্পকে পুনরুজ্জীবিত করা

যদিও ‘বাঁশ’ শব্দটি বাংলাদেশে অনেক সময় ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয় (যেমন: “বাঁশ খাওয়া”), তবে দিনটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানিয়েছে সচেতন মহল। কেউ চাইলে আজ প্রিয়জনকে বাঁশের তৈরি হস্তশিল্প উপহার দিতে পারেন, কিংবা রান্না করতে পারেন কচি বাঁশের তরকারি।