গাজায় ইসরায়েলের তীব্র হামলা, একদিনেই নিহত ৮৩

গাজায় ইসরায়েলের তীব্র হামলা, একদিনেই নিহত ৮৩
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার দিনভর চালানো হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৬১ জনই গাজা সিটির বাসিন্দা। অঞ্চলটিতে ইসরায়েলের সামরিক অভিযান ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।

আল জাজিরা’র বরাতে জানা গেছে, গাজা শহরে এখনো বড় পরিসরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

আল জাজিরার স্থানীয় সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, উত্তর গাজার লাখো মানুষকে দক্ষিণ ও মধ্য গাজার শরণার্থী শিবিরে ঠেলে দিতে চরম চাপ প্রয়োগ করছে ইসরায়েলি বাহিনী। এতে একদিকে বেড়েছে মানবিক বিপর্যয়, অন্যদিকে যুদ্ধাপরাধের অভিযোগও উঠছে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কাতারে অবস্থানরত হামাসের এক সিনিয়র নেতা জানিয়েছেন, সম্প্রতি ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাদের শীর্ষ নেতৃত্ব। তবে তাদের অবস্থান ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে।

ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এক বিবৃতিতে গাজা উপত্যকাকে “সোনার খনি” হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজা পুনর্বণ্টন ও ভবিষ্যৎ মালিকানা ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে।

এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা এটিকে “উপনিবেশিক মানসিকতা” এবং যুদ্ধলাভের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।