গণতন্ত্র নয়, জনগণের আস্থাই বিএনপির আসল শক্তি — তারেক রহমান

রাজনীতি
গণতন্ত্র নয়, জনগণের আস্থাই বিএনপির আসল শক্তি — তারেক রহমান
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের হারানো আস্থা পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ কথা বলেন তিনি।

তারেক রহমান জানান,

“জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, বরং জনগণের আস্থা অর্জনের লড়াই। সেই আস্থা অর্জনেই বিএনপি এখন মাঠে-ময়দানে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি লেখেন,

“গ্রাম থেকে রাজধানী পর্যন্ত বিএনপির সাংগঠনিক কাঠামোকে মজবুত করা হচ্ছে। এরইমধ্যে অভিযোগের ভিত্তিতে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে— কেউ পদচ্যুত, কেউ বহিষ্কৃত। এতে প্রমাণ হয়েছে, আমরা শুধু অন্যদের নয়, নিজেদেরও জবাবদিহির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তার ভাষ্য,

“শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। আমরা নিজেদের জন্যও সেই মানদণ্ড মেনে চলি, যেটা আমরা অন্যদের কাছ থেকে প্রত্যাশা করি।”

তারেক রহমান বলেন,

“তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না। তারা চায় অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, এবং জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক ক্ষেত্র। সে লক্ষ্যেই আমরা ৩১ দফার কর্মসূচি সাজিয়েছি, যেখানে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি উন্নয়নের অঙ্গীকার।”

তিনি জানান, বিএনপি এখন আরও বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীকে রাজনীতিতে যুক্ত করার কাজ করছে।

তারেক রহমান তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন।

“বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত বিএনপির রাজনৈতিক রূপরেখা তৈরি হয়েছে মানুষের অধিকার রক্ষার লড়াই থেকে,”— বলেন তিনি।

বক্তব্যের শেষদিকে নেতাকর্মীদের উদ্দেশে তার বার্তা ছিল পরিষ্কার—

“আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হই। আমি আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও আমার ওপর রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ উজ্জ্বল হবে।”

তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন,

“আমরা প্রমাণ করব, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব— ইনশাআল্লাহ।”