দিল্লিতে বৃষ্টি হলে এখানে ছাতা ধরছে — চরমোনাই পীর

রাজনীতি
দিল্লিতে বৃষ্টি হলে এখানে ছাতা ধরছে — চরমোনাই পীর
নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫

বিদেশ নির্ভর রাজনীতি এবং নব্য ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। কোনো দলের নাম সরাসরি উল্লেখ না করলেও বক্তব্যে বিএনপির প্রতি কড়া ইঙ্গিত দেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“কেউ কেউ আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা করছে। দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার চেষ্টা করছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এই ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চরমোনাই পীর বলেন,

“আমরা যেন আর কখনো খুনি ও চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেই সুযোগকে জনগণের পক্ষে কাজে লাগাতে হবে।”

তিনি ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সূত্রাপুর থানার সভাপতি মো. মানোয়ার খান-এর নাম ঘোষণা করেন এবং স্থানীয় নেতাকর্মীদের তাকে বিজয়ী করার আহ্বান জানান।

এরপর রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সড়কে ঢাকা-১১ আসনের সমাবেশে চরমোনাই পীর বলেন,

“জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে (Proportional Representation) জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের নির্বাচনী ব্যবস্থাকে আমূল সংস্কার করতে হবে।”

তিনি আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাটের জন্য ১৪ দলকে দায়ী করেন এবং তাদের বিচার দাবি করেন।

চরমোনাই পীর হুঁশিয়ারি দিয়ে বলেন,

“যদি দ্রুত রাষ্ট্র সংস্কার না হয়, তবে বর্তমান সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে।”