গাজায় ৪৮ ইসরায়েলি জিম্মির ছবি প্রকাশ করল হামাস
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল–কাসেম ব্রিগেড গাজা উপত্যকায় আটক থাকা ৪৮ জন ইসরায়েলি জিম্মির ছবি প্রকাশ করেছে। সংগঠনটি দাবি করেছে, ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান অব্যাহত রাখে, তাহলে এসব জিম্মির জীবন হুমকির মুখে পড়তে পারে।
ছবিগুলো হামাস তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে। ছবির ক্যাপশনে বলা হয়, “এই বিদায়ী মুহূর্তগুলো বন্দিদের জীবনের শেষ ছবি হয়ে উঠতে পারে যদি নেতানিয়াহুর আগ্রাসন থামানো না হয়।” তবে হামাসের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি, ছবিতে থাকা ব্যক্তিদের সবাই এখনো জীবিত কিনা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে একটি বড় ধরনের হামলা চালায়, যাতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জন ইসরায়েলি নাগরিক ও সেনাসদস্যকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৭ জন জিম্মি এখনো গাজায় অবস্থান করছেন, যাদের মধ্যে ২৫ জন ইতোমধ্যেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আল-কাসেম ব্রিগেড তাদের পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর “একচ্ছত্র নেতৃত্ব ও আগ্রাসী নীতির” কড়া সমালোচনা করেছে। পোস্টে দাবি করা হয়, নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থেই গাজায় রক্তপাত বাড়ানো হচ্ছে, যার চূড়ান্ত মূল্য দিতে হতে পারে নিরীহ জিম্মিদের।
জিম্মিদের ছবি প্রকাশের এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সংযত আচরণ করতে হবে এবং কূটনৈতিক মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত এক বিবৃতিতে বলেছেন, “এই পরিস্থিতি অবিলম্বে সমাধান না হলে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে। যুদ্ধের নিয়ম অনুযায়ী, বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যকর্তব্য।”


