রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ পাঁচ প্যানেলের

দেশজুড়ে
রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ পাঁচ প্যানেলের
নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সময় নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে। দুর্গাপূজার ছুটিতে অধিকাংশ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ায় ছাত্রদল মনোনীত প্যানেলসহ অন্তত পাঁচটি প্যানেল, ২০ জন স্বতন্ত্র প্রার্থী ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এই অবস্থায় নির্বাচন হলে ছাত্রদের অংশগ্রহণ কম হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক যৌথ সংবাদ সম্মেলনে প্যানেলগুলোর পক্ষ থেকে জানানো হয়, ‘পোষ্য কোটাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। সেই সঙ্গে দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় এখন নির্বাচন আয়োজন উপযুক্ত নয়।’

ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর সাংবাদিকদের বলেন, “আমরা প্রচারণা চালাতে গেলে শিক্ষার্থীদের পাওয়া যাচ্ছে না। অধিকাংশই বাড়ি ফিরে গেছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, নির্বাচনের তারিখ দুর্গাপূজার ছুটির পর নির্ধারণ করা হোক।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ফাহিম রেজা নির্বাচন পেছানোর প্রস্তাবে ভিন্নমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, “পূজার আগে নির্বাচন হলে অংশগ্রহণ বেশি হবে, পরে করলে তা কমে যাবে। আমরা চাই নির্ধারিত সময়েই, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হোক।”

এছাড়া ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন মনোনীত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন হল সংসদের প্রার্থীরা একত্রিত হয়ে নির্বাচন পেছানোর দাবি তুলেছেন। তারা বলেন, ‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সকল শিক্ষার্থীর উপস্থিতি জরুরি। তাই ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর নির্বাচন হওয়া উচিত।’

তারা আরও জানান, ‘বর্তমান অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন, যা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলবে।’

নির্বাচন কমিশন কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন আয়োজনের ব্যাপারে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।