গাজায় শান্তিরক্ষায় ২০ হাজার সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া: জাতিসংঘে প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠায় ২০ হাজার সেনা পাঠাতে প্রস্তুতির কথা জানিয়েছে ইন্দোনেশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো।
প্রেসিডেন্ট প্রাবো বলেন, “আজকের বিশ্ব এক সংকটময় সময় পার করছে। প্রতিদিন আমরা সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের চরম সংকট প্রত্যক্ষ করছি। এই পরিস্থিতিতে যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে ইন্দোনেশিয়া গাজা বা অন্যান্য যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে প্রস্তুত।”
তিনি আরও জানান, ইন্দোনেশিয়া ইতিমধ্যেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২,৭১৫ সেনা প্রেরণ করেছে, যা দেশটিকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশের তালিকায় ষষ্ঠ স্থানে রেখেছে।
প্রাবো সুবিয়ান্তো তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গাজার সংকটের একটি ন্যায্য এবং টেকসই সমাধান হচ্ছে—দুই রাষ্ট্র সমাধান। একদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, অন্যদিকে নিরাপদ ও স্বীকৃত ইসরায়েল।”
ইতোমধ্যে জাতিসংঘের ১৫৭টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় ৮১ শতাংশ। সর্বশেষ সাধারণ পরিষদ অধিবেশনে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগালসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।


