জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৪৫ নেতাকর্মী
ভোলার চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বরণ করে নেওয়া হয়।
নবাগতদের মধ্যে রয়েছেন আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুক, যিনি এবার নেতৃত্ব দিয়েছেন দলত্যাগী এই অংশকে।
অনুষ্ঠানে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন,
“গণতন্ত্রে বিশ্বাস এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আস্থা রেখেই আপনারা দলে এসেছেন। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ প্রশস্ত করবে।”
সাবেক জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক বলেন,
“আমরা জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমে হতাশ ছিলাম। বিএনপির রাজনৈতিক অবস্থান ও নেতৃত্ব আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টু, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী।


