বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন: প্রেসিডেন্ট শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন: প্রেসিডেন্ট শি জিনপিং
নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন—বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এমন বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময়ের সময় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শি জিনপিং তার বার্তায় বলেন,

“চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুপ্রতিম প্রতিবেশী, যাদের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে গড়ে উঠেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (BRI) সহযোগিতা, এবং বহুমাত্রিক অংশীদারত্ব উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন,

“আমি বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা জোরদার করতে এবং যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে প্রস্তুত। এই সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জনগণেরই উপকারে আসবে না, বরং বিশ্ব শান্তি ও উন্নয়নেও অবদান রাখবে।”

বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাল্টা বার্তায় বলেন,

“গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে তুলেছে, তা দুই দেশের জন্যই বাস্তব সুফল বয়ে এনেছে।”

তিনি চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রশংসা করে বলেন,

“বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় চীনের ভূমিকা প্রশংসনীয়। আমরা ভবিষ্যতেও এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করি।”

রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন, দুই দেশের নেতাদের যৌথ প্রয়াস ও জনগণের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ফলপ্রসূ হবে।