চাঁদাবাজি ঠেকাতে গিয়ে আহত অতিরিক্ত পুলিশ সুপার, আটক ৭

দেশজুড়ে
চাঁদাবাজি ঠেকাতে গিয়ে আহত অতিরিক্ত পুলিশ সুপার, আটক ৭
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫

নরসিংদীতে চাঁদা আদায়কে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ, দায়ের হয়েছে মামলাও।

শনিবার (৪ অক্টোবর) রাতে শহরের আরশীনগর এলাকায় এ ঘটনা ঘটে। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আরশীনগর এলাকায় চাঁদাবাজি চলছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুই চাঁদাবাজকে আটক করা হলে সংঘবদ্ধ একটি দল তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানিয়েছেন:

“এই হামলা পরিকল্পিত ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।”

পুলিশের ওপর সরাসরি হামলা আইনের শাসন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ—এমন ইঙ্গিত পাওয়া গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে।