‘শান্তি চুক্তি’ স্রেফ কথার কথা? ট্রাম্পের ঘোষণার পরও গাজায় বোমা হামলা, বিশ্বজুড়ে প্রশ্ন
ইসরায়েল ও হামাস উভয়েই মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হলেও, ঘোষণার পরপরই গাজার শরণার্থী শিবিরে হামলা চালাল তেল আবিব। যুদ্ধবিরতির বার্তা কি শুধুই কূটনৈতিক ‘ধোঁয়াশা’?
আলোচনার টেবিলে ‘শান্তি’, আর বাস্তবের মাটিতে ‘আগুন’— গাজা উপত্যকায় বুধবার ঠিক এমন চিত্রই দেখল বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গর্বের সঙ্গে ঘোষণা করছেন যে তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই সম্মত হয়েছে, ঠিক তার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলি যুদ্ধবিমান গাজা নগরীর পশ্চিমে আল-শাতি শরণার্থীশিবিরে আঘাত হানল। ট্রাম্পের এই “ঐতিহাসিক” ঘোষণার পরেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকা প্রমাণ করে, কূটনৈতিক চুক্তি এবং সামরিক পদক্ষেপের মধ্যে এখনও বিস্তর ফারাক রয়ে গেছে। গাজাবাসীর মনে প্রশ্ন: শান্তি কি কেবলই পশ্চিমা রাজনীতির একটি শব্দ, নাকি সত্যিই কোনো পরিবর্তন আসছে?


