চাঁদপুরে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি
চাঁদপুর শহরের বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও পৌর প্রশাসন। গত ১০ অক্টোবর শুরু হওয়া এ উদ্যোগ চলবে ১৩ অক্টোবর পর্যন্ত, তবে প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক।
তিনি জানান, “জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। কুকুরদের সময়মতো টিকা না দিলে মানুষের মাঝেও এর ঝুঁকি বেড়ে যায়। এজন্যই এই সচেতনমূলক ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রতিদিন দুইটি সেশনে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে:
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত
বিশেষজ্ঞ ‘ডগ ক্যাচার’ দল ঢাকা থেকে আনা হয়েছে, যারা নিরাপদে কুকুর ধরে টিকা দিচ্ছেন। জেলা প্রাণিসম্পদ দপ্তরের মনিটরিং অফিসারসহ একাধিক অভিজ্ঞ কর্মকর্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
ডা. ভৌমিক বলেন, “কুকুরকে সমাজের শত্রু মনে করা ঠিক নয়। তারা আমাদের পরিবেশেরই অংশ। যত্ন ও ভালোবাসা পেলে তারা হিংস্র নয়। এই কার্যক্রমের মাধ্যমে কুকুর ও মানুষের সহাবস্থান আরও নিরাপদ হবে।”
এ পর্যন্ত শহরের কালীবাড়ি মোড়, নতুন বাজার, ইচলী ঘাট, ঢালির ঘাট, পালের বাজার, মেডিকেল কলেজ, রেলস্টেশন, লঞ্চঘাট, চিত্রলেখা মোড়, ইলিশ চত্বরসহ ২০টির বেশি স্থানে শতাধিক কুকুরকে টিকা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “প্রতি মাসের উন্নয়ন সমন্বয় সভায় কুকুরের সংখ্যা ও জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতেই এই টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো আন্তরিকভাবে সহযোগিতা করছে।”


