চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৩

দেশজুড়ে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৩
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জয়নুর রহমান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়নুর একই গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে। আহতরা হলেন—খাজা আহমেদ (৫৭), জাহীর (৫০) ও দিপু (১৬)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নূরুল হক পেশকার ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে উভয়পক্ষ নিজ নিজ দাবি করা জমিতে চাষাবাদে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”