গাজায় ফের ড্রোন হামলার অভিযোগ, অস্বীকার আইডিএফের

গাজায় ফের ড্রোন হামলার অভিযোগ, অস্বীকার আইডিএফের
নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় নতুন করে ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির মধ্যে গাজার নির্দিষ্ট এলাকায় প্রবেশ না করতে ফিলিস্তিনিদের প্রতি বারবার সতর্কবার্তা জারি করেছিল আইডিএফ। তার মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে ড্রোন হামলার খবর আসে।

তবে আইডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, উল্লিখিত সময় ও স্থানে তারা কোনো ধরনের বিমান হামলা বা ড্রোন অভিযান চালায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, খান ইউনিসের নাসের হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে শহরের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একইদিন, মিডল ইস্ট আই প্রকাশিত এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, ইসরায়েল থেকে ফেরত আসা প্রায় ৪৫টি ফিলিস্তিনি মরদেহে অমানবিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। এসব মরদেহ রেড ক্রসের মাধ্যমে গাজার নাসের হাসপাতালে হস্তান্তর করা হয়।

হাসপাতালের এক সূত্র গণমাধ্যমটিকে জানায়, কিছু মরদেহে ছিল গলা টিপে হত্যার আলামত, আবার কিছুতে পাওয়া গেছে হাড় ভাঙা, অঙ্গহানি ও বিকৃতির প্রমাণ। একাধিক মরদেহে চোখ ও মুখ বাঁধা ছিল, কিছু মরদেহের হাত-পাও ছিল না।

সূত্রটি আরও জানায়, “ফেরত পাওয়া মরদেহগুলোর মধ্যে কিছু সম্প্রতি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, অন্যগুলো আংশিক পচে গেছে বা ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।”

এই মরদেহগুলো সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে হস্তান্তর করা হয়। চুক্তির আওতায় ইসরায়েল গাজায় ৪৫টি অজ্ঞাতনামা মরদেহ ফেরত দেয়, যাদের বেশিরভাগই ইসরায়েলি অভিযানে নিহত বলে ধারণা করা হচ্ছে।