ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল বন্ধ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরের পর থেকে এ রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভীন।
তিনি জানান, “দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল, কিন্তু শাহজালালে অগ্নিকাণ্ডের কারণে তা বাতিল করা হয়েছে। ফলে রাজশাহী থেকে ঢাকাগামী ফ্লাইটও বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু হবে।”
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। এই অংশে মূলত আমদানি করা পণ্য সামগ্রী সংরক্ষণ করা হয়ে থাকে। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, বিমানবন্দর ফায়ার ইউনিট এবং বিমানবাহিনীর ইউনিটসহ মোট ৩৭টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে সতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত করা হয়েছে।
বিমান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী ও রাজশাহীগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রীকে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের খবর জানানো হয়, ফলে তাদের বিকল্প যাত্রার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে।


