এক মিনিটে ১২ হাজার ফুট নিচে পড়ে আগুনে পুড়ে ছাই বিমান, নিহত সবাই
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি ছোট যাত্রীবাহী বিমান মাত্র ৬০ সেকেন্ডেরও কম সময়ে ১২,০০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় আগুন ধরে যায় বিমানে, এবং এতে থাকা তিনজনই প্রাণ হারান।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে ব্যাটল ক্রিক এক্সিকিউটিভ এয়ারপোর্টের কাছাকাছি এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফ্লাইট চলাকালীন মুহূর্তে পাইলটের আতঙ্কিত কণ্ঠে রেডিও বার্তায় শোনা যায়: “স্টল, রিকভারি, স্টল, রিকভারি।” এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি।
ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, বিমানটি অস্বাভাবিক গতিতে উচ্চতা হারাতে শুরু করে এবং এক মিনিটেরও কম সময়ে ১২,০০০ ফুট নিচে পড়ে যায়। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
জানা গেছে, বিমানটি মেক্সিকোতে নিবন্ধিত এবং সম্প্রতি ব্যাটল ক্রিক বিমানবন্দরে কিছু কারিগরি মেরামতকাজ সম্পন্ন করে। বিমানবন্দরের অ্যাভিয়েশন ডিরেক্টর ফিল ক্রল জানিয়েছেন, “তারা কিছু সিস্টেমের পরীক্ষা করছিল, তখনই সমস্যার সূত্রপাত হয়।”
স্থানীয় পুলিশ বিভাগ ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এখনো নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল না অন্য কোনো কারণ জড়িত রয়েছে—তা জানতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


