সালমান শাহ হত্যা মামলায় নতুন আসামি হলেন যারা

জাতীয়
সালমান শাহ হত্যা মামলায় নতুন আসামি হলেন যারা
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যু নিয়ে নতুন মোড় নিয়েছে তদন্ত। আদালতের নির্দেশে এবার হত্যার অভিযোগে দায়ের হয়েছে নতুন মামলা। অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জন।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, মামলাটি এখন এজাহারভুক্ত এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে উল্লেখ করা ১১ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক,ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই,লতিফা হক লুসি,চলচ্চিত্র খলনায়ক ডন,আরও কয়েকজন পরিচিত ও অজ্ঞাতনামা ব্যক্তি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই মামলার পেছনে মূল প্রেরণা হিসেবে কাজ করেছেন সালমান শাহর মা, নীলা চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি তার ছেলের মৃত্যুকে ‘হত্যা’ বলে দাবি করে আসছিলেন। সম্প্রতি তিনি একটি রিভিশন আবেদন করলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখা হলেও সময়ের পরিক্রমায় বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠে আসে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক সময় চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যা বলেই উল্লেখ করে। কিন্তু সালমানের পরিবার তা মানতে নারাজ।

এ ঘটনায় বিচারপ্রক্রিয়া ও তদন্তের নতুন ধাপ শুরু হওয়ায় আলোচনায় ফিরে এসেছেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়ক। ভক্তদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার পর এবার হয়তো মিলবে প্রকৃত সত্যের সন্ধান।