ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংয়ের নিকটবর্তী অঞ্চল থেকে ভোররাতে উত্তর-পূর্ব দিকে ছোড়া হয়েছে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র।
এই উৎক্ষেপণকে ঘিরে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এমন এক সময় এই ঘটনা ঘটলো, যখন দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং দায়িত্ব নিয়েছেন এবং আগামী সপ্তাহেই সেখানেই বসছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই এপেক সম্মেলনেই দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একইসঙ্গে ট্রাম্পের চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এমন প্রেক্ষাপটে পিয়ংইয়ংয়ের এই কর্মকাণ্ডকে “কৌশলগত বার্তা” হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, আঞ্চলিক শক্তির বৈঠকের আগমুহূর্তে এমন একটি পদক্ষেপ উত্তর কোরিয়ার পক্ষ থেকে শক্তি প্রদর্শন এবং আলোচনায় প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে,
“উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে এবং এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।”
তারা আরও জানায়, দক্ষিণ কোরিয়া এবং মিত্র রাষ্ট্রগুলো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে।


