উজিরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, বালুর বস্তার ঠেকায় চলছে যান চলাচল
ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল উজিরপুরের সেতুটি এখন মারাত্মক ঝুঁকিতে। নিচের তিনটি গার্ডারের মধ্যে দুটি গার্ডারে ফাটল দেখা দিয়েছে। যান চলাচল সচল রাখতে সেতুর নিচে বালুর বস্তা দিয়ে অস্থায়ীভাবে ঠেকা দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে আতঙ্কে রয়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে। ফাটল ধরা গার্ডারের নিচে বালুর বস্তা রাখায় অস্থায়ীভাবে চলাচল সম্ভব হলেও, দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে।
স্থানীয় ভ্যানচালক জুলহাস বলেন, “দেশ স্বাধীন হওয়ার আগেই এই সেতু নির্মিত হয়েছিল। এত বছর ধরে কোনো সংস্কার হয়নি। এখন সেতুর নিচের মাটি সরে গেছে, পাশে বড় গর্ত হয়েছে—ছোট গাড়ি গেলেও সেতু দুলে ওঠে।”
আরেক স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, “পদ্মা সেতু চালুর পর ভারী যানবাহনের চাপ বেড়েছে। যে কোনো সময় এই সেতু ভেঙে পড়তে পারে।”
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহীন খান বলেন, “নদীর স্রোতে সেতুর দুই পাশের মাটি ক্ষয় হয়েছে। ফলে গার্ডারে অতিরিক্ত চাপ পড়ছে। আপাতত বালুর বস্তা দিয়ে সেতুটি সচল রাখা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে স্থায়ী সংস্কার কাজ শুরু হবে।”
এরই মধ্যে সওজ কর্তৃপক্ষ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সতর্কতামূলক সাইনবোর্ড ও গতিরোধক স্থাপন করেছে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


