মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধের ইউএনওর কাছে অভিযোগ

দেশজুড়ে
মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধের ইউএনওর কাছে অভিযোগ
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ।

অভিযোগকারী ওই বৃদ্ধের নাম নজব আলী (৭০)। তিনি উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের আব্দুল জাহেরের ছেলে। বুধবার (২৯ অক্টোবর) ছেলে মিজান মিয়ার বিরুদ্ধে তিনি এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে নজব আলী জানান, তার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় ছেলে মিজান মিয়া বখাটে ও মাদকাসক্ত। প্রায় সময় মাদক কেনার জন্য টাকা দাবি করে, না দিলে গালাগাল ও মারধর করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৃদ্ধের ভাষায়,

“এ পর্যন্ত ১২ বার হত্যার হুমকি দিয়ে জোর করে টাকা নিয়েছে। কয়েকদিন আগে টাকা না দিলে গলায় ছুরি ধরে, লাঠি দিয়ে পেটায়। স্ত্রী বাঁচাতে গেলে তাকেও মারধর করে।”

তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দম্পতিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে নজব আলী বলেন,

“আমি আর পারি না। খালি ভয় লাগে— যদি কোনোদিন মেরে ফেলে! নিজের সন্তানই এখন শত্রু হয়ে গেছে।”

তিনি আরও জানান,

“থানায় অভিযোগ করলে খুন করে মরদেহ গুম করে ফেলবে বলেছে। না পারলে আত্মহত্যা করে আমাদের ফাঁসাবে।”

বৃদ্ধের স্ত্রী হামিদা বেগমও ক্ষোভ প্রকাশ করে বলেন,

“কেমন সন্তান পেটে ধরছি! যে ইয়াবার টাকার জন্য বাবা-মাকে মেরে ফেলতে চায়।”

প্রতিবেশী আবদুল মালেক বলেন,

“বৃদ্ধ দম্পতি শান্ত-ভদ্র মানুষ। কিন্তু ছেলেটা ছোটবেলা থেকেই খারাপ পথে। এখন পুরো পরিবারকে অশান্তিতে ফেলেছে।”

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন বলেন,

“৭০ বছর বয়সী এক বৃদ্ধের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ওসিকে বলেছি দ্রুত আইনগত ব্যবস্থা নিতে।”