ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা
রাজধানীতে আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনের প্রবেশপথে এ তালা লাগানোর ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবি পোস্ট করে লেখেন, “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসল—চারুকলা, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”
এ পোস্টটি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ নিজের টাইমলাইনে শেয়ার করে লিখেন, “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।”
তিনি আরও মন্তব্য করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। এখন সময় এসেছে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিশ্চিত করার।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সত্য। আমরা সকালে তালাগুলো খুলে দিয়েছি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার তদন্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে তার কথা হয়েছে। তবে অধ্যাপক সাইফুদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


